আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট : ২০ মে ২০২৫, ১২:০৬ এএম

ফেনীর সোনাগাজীতে সনাতন ধর্মালম্বী এক ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা জাফর উল্লাহ নয়নের (৪৮) বিরুদ্ধে। তিনি সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর চরছান্দিয়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, চরছান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের মালিকানাধীন জমি দখল করে রেখেছিলেন আওয়ামী লীগ নেতা নয়ন। গত ১৪ মে উত্তম দাস তার মালিকানাধীন জায়গায় কাজ করতে গেলে নয়ন তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

উত্তম কুমার দাস বলেন, ‘আমার বাবা মৃত উষা রঞ্জন দাসের নামে জায়গাটি সিএস খতিয়ানে রেকর্ড রয়েছে। কিন্তু নয়ন প্রতারণার আশ্রয় নিয়ে বিএস রেকর্ডে তার নামে রেকর্ড করেন। যদিও তিনি কোনো দলিলপত্র দেখাতে পারছেন না।’

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল আসামি গ্রেপ্তার হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত