মেসিদের অধঃপতন

আপডেট : ২০ মে ২০২৫, ১২:০৭ এএম

লিওনেল মেসি খেললেন পুরো সময়। ব্যক্তিগত কারণে দুই ম্যাচ না খেলার পর ফিরলেন লুইস সুয়ারেজও। সঙ্গে জর্দি আলবা, সার্জিও বুসকেটসও ছিলেন। ম্যাচের ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ম্যাচ হারল মায়ামি। মেসিসহ দলের কেউই গোল করতে পারেননি। উল্টো তিন গোল হজম করেছে তারা। এমএলএসে ইন্টার মায়ামিকে তাদের মাঠেই ৩-০ গোলে হারাল ওরল্যান্ডো সিটি। এমএলএসে টানা তিন ম্যাচে জয়হীন রইল মেসিরা।

৪৩ মিনিটে এগিয়ে যাওয়া ওরল্যান্ডো ব্যবধান বাড়ায় ৫৩ মিনিটে। ম্যাচের যোগকরা সময়ে আরও এক গোল করে ওরল্যান্ডো। আগের ম্যাচে নি®প্রভ থাকা মেসি এই ম্যাচে কিছু ঝলক দেখিয়েছেন। আগের ম্যাচ শেষে রেফারির ওপর ক্ষিপ্ত হয়ে হলুদ কার্ড দেখা মায়ামি অধিনায়ক এদিনও রেফারির সঙ্গে ঝামেলা পাকান। মেসি হলুদ কার্ড পান এই ম্যাচেও। ম্যাচ শেষে মেসি হলুদ কার্ড নিয়ে বলেন, ‘আজ প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। আমরা আক্রমণ করেছি, সুযোগ তৈরি করেছি। তারা পেরে উঠছিল না এবং শুধু লম্বা পাসে খেলছিল। বিস্ময়কর ব্যাপার হলো, তাদের একজন খেলোয়াড় গোলকিপারকে বল পাস করেছিল এবং রেফারি আমাকে বলে, তিনি নাকি নিয়ম জানেন না এবং এটি পছন্দ করেন না! তিনি এটা বুঝতেই পারেননি।’ মেসির অভিযোগ আসলে ওরল্যান্ডোর স্ট্রাইকার ইভান অ্যাংগুলির বিরুদ্ধে, যিনি গোলকিপার পেদ্রো গ্যালিসকে ব্যাকপাস দিয়েছিলেন। গালিস সেই বল হাত দিয়ে ধরে ফেলেন। মেসি আরও বলেন, ‘এখান থেকেই তো গোল আসে। এগুলো অজুহাত হিসেবে দেখাতে চাই না। তবে আমার মনে হয়, এমএলএসের রেফারিং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত।’

মেসি আরও বলেন, ‘সময়টা কঠিন, তবে আমরা তা কাটিয়ে উঠব। এখনই আসল সময় এটা দেখানোর যে, আমরা দল হিসেবে কতটা একতাবদ্ধ। কঠিন সময় যাচ্ছে আমাদের। যখন সবকিছু মসৃণভাবে চলতে থাকে, তখন সবকিছুই খুব সহজ থাকে। কঠিন সময় যখন আসে, যেমন এখন চলছে, এখনই যেকোনো সময়ের চেয়ে বেশি একতাবদ্ধ থাকতে হবে আমাদের। সত্যিকারের দল হিসেবে লড়ে এটাকে পেছনে ফেলতে হবে।’

মায়ামি ১৩ ম্যাচে ২২ পয়েন্টে ইস্টার্ন কনফারেন্সে আছে ৬ নম্বরে। তবে মায়ামির ওপরে থাকা পাঁচটি দলই একটি করে ম্যাচ বেশি খেলেছে। ইস্টার্ন কনফারেন্সে ১৪ ম্যাচে ২৯ পয়েন্টে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত