প্রথমবারে পেশাদার যুগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েই হারের তেতো স্বাদ পেতে হলো ঢাকা মোহামেডানকে। কুমিল্লায় বৃষ্টি ও বাজে আবহাওয়ার কারণে দুই দিনে হওয়া ম্যাচে বারবার এগিয়ে গিয়েও রহমতগঞ্জের কাছে ৪-৩ ব্যবধানে হারতে হয়েছে সাদা-কালোদের। স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে চ্যাম্পিয়নদের হারানোর কীর্তি গড়েছে রহমতগঞ্জ। একই মাঠে দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই আবাহনী। রেলিগেশন নিশ্চিত হওয়া চট্টগ্রাম আবাহনীকে ৫-০ ব্যবধানে হারিয়ে রানার্স-আপ দৌড়ে ফের এগিয়ে গেছে ঢাকা আবাহনী। আর বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক ফর্টিস এফসি ১-১ ড্র করেছে পুলিশ এফসির সঙ্গে।
কুমিল্লায় আগের দিন মোহামেডান মাঠে নেমেছিল শিরোপা জয়ের আনন্দ সঙ্গী করে। তবে বৈরী আবহাওয়ায় সেদিন খেলা হয়েছে মাত্র ১৮ মিনিট। এ সময়ের মধ্যেই অবশ্য ২-১ গোলে এগিয়ে গিয়েছিল আলফাজ আহমেদের দল। মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পেয়েছিলেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ডান দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড। পঞ্চম মিনিটে মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ইমানুয়েল সানডে। ম্যাচের দশম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের ক্রসে স্যামুয়েল বোয়াটেংয়ের হেড লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালে রহমতগঞ্জ ব্যবধান কমায়। তবে ১৮ মিনিটের খেলা চলাকালে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বুধবার ১৮ মিনিটের পর থেকে খেলা শুরু হয় দুপুর ১টায়। ম্যাচের ৩১ মিনিটে রহমতগঞ্জ ম্যাচে ফিরে আসে তাজ উদ্দিনের গোলে। এর ৬ মিনিট পর জুয়েল মিয়ার পাসে মোহামেডানকে ফের লিড এনে দেন অধিনায়ক দিয়াবাতে। তবে ৮৩ মিনিটে বোয়াটেং গোল করে রহমতগঞ্জকে ফের ম্যাচে ফেরান। এর দুই মিনিট পর দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে রহমতগঞ্জকে দারুণ জয় উপহার দেন তিনি। সঙ্গে তুলে নেন নিজের হ্যাটট্রিক, যা এবারের লিগের তৃতীয়।
এটি ছিল মোহামেডানের চলতি লিগে দ্বিতীয় হার। গত জানুয়ারিতে প্রথম পর্বের শেষ ম্যাচে তারা হেরেছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে। এরপর টানা ছয় ম্যাচ অপরাজিত থাকে মোহামেডান। অন্যদিকে আবাহনী ও বসুন্ধরা কিংস একাধিক ম্যাচে পয়েন্ট হারিয়ে মোহামেডানের ২৩ বছরের অপেক্ষা অবসান ঘটিয়ে দেয়। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ।
এদিকে টানা চার ম্যাচ জয়হীন থাকা আবাহনী অবশেষে কক্ষে ফিরেছে চট্টগ্রাম আবাহনীকে সামনে পেয়ে। প্রথম পর্বে যাদের তারা হারিয়েছিল ৪-০ ব্যবধানে। বুধবার জয়টা এসেছে ৫-০ ব্যবধানে। ঢাকা আবাহনীর হয়ে জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহ। এছাড়া আসাদুজ্জামান বাবলু, ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো ও এনামুল গাজী একটি করে গোল করেন। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ঢাকা আবাহনী। আর তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর এটি ১৬ ম্যাচে ১৫তম হার।
কিংস অ্যারেনায় আল আমীনের ৪৪ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল পুলিশ। প্রথম পর্বে সাত গোল করে নজর কাড়া আল আমীন দ্বিতীয় পর্বে একেবারেই নামের প্রতি সুবিচার করতে পারেননি। টানা ছয় ম্যাচ গোল পাননি এই তরুণ ফরোয়ার্ড। অবশেষে গোলের খরা কাটালেও দলকে জেতাতে পারেননি জাতীয় দলের এই স্ট্রাইকার। ৬৭ মিনিটে পা ওমর বাবু গোল করে ফর্টিসকে এক পয়েন্ট এনে দেন। ২৪ ও ২৩ পয়েন্ট নিয়ে পুলিশ ও ফর্টিস যথাক্রমে আছে ষষ্ঠ ও সপ্তম স্থানে। একদিন বিরতির পর আগামীকাল থেকে শুরু হবে লিগের ১৭তম রাউন্ডের খেলা।
