মৌলভীবাজারে জাল নোটের বড় চালানসহ গ্রেপ্তার ১

আপডেট : ২৩ মে ২০২৫, ০৪:৪৫ এএম

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপি উদ্ধারসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় ডিবির অভিযানে যুগেন্দ্র মল্লিককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার বাড়ির গোয়ালঘরের খড়ের নিচ থেকে উদ্ধার করা হয় ২ লাখ ৭৭ হাজার ২০০ টাকা মূল্যের জাল বাংলাদেশি নোট এবং ৩ হাজার ৯০০ রুপি ভারতীয় জাল নোট। জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসায় জড়িত। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে ছড়ানোর উদ্দেশ্যে জাল টাকাগুলো নিয়ে এসেছিলেন। নোবেল চাকমা আরও জানান, যুগেন্দ্র মল্লিকের বিরুদ্ধে অতীতেও একাধিক জাল টাকা সংক্রান্ত মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত