চালককে হাতুড়িপেটা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:১৮ এএম

রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হাতুড়িপেটা করে টাকাসহ অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগী চালকের নাম মো. কবির মিয়া (৪৩)। গত বুধবার রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। পরে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, চিকিৎসা শেষে স্বজনরা বাসায় নিয়ে যান তাকে।

হাসপাতালে আহতের ছেলে সাব্বির মিয়া বলেন, ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় এক যাত্রী কলাবাগান নামেন, আরেক যাত্রী কলেজগেট গিয়ে থামাতে বলেন। এ সময় সেখানে কয়েকজন ছিনতাইকারী তাকে ধরে একটি পিকআপের ওপর তুলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার কাছে থাকা প্রায় হাজারখানেক টাকা নিয়ে নেয়। তার মোবাইল নিয়ে ব্যাটারি খুলে নিয়ে তাকে নামিয়ে দেয়। পরে অটোরিকশাটি নিয়ে যায়।

জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে কবির। বর্তমানে খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত