বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিল মামলা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:২২ এএম

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নতুন করে আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তহবিল কাটছাঁটের পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম জানান, আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাই বিদেশি স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম প্রত্যাহার করা হয়েছে। একে সব বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি সতর্কবার্তা বলে জানান তিনি। এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে বেআইনি পদক্ষেপ বলে অভিহিত করেছে হার্ভার্ড কর্র্তৃপক্ষ। বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়ার সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হার্ভার্ড। এদিকে, গত শিক্ষাবর্ষে হার্ভার্ডে ভর্তি হয় ৬ হাজার ৭০০’র বেশি বিদেশি শিক্ষার্থী, যা প্রতিষ্ঠানটি মোট শিক্ষার্থীর ২৭ শতাংশ।

এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ট্রাম্প সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তি অনুমোদন বাতিল করা হলে তা মারাত্মক সাংবিধানিক লঙ্ঘন বলে অভিযোগ করেছে হার্ভার্ড। শুক্রবার বোস্টনের ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় হার্ভার্ড বলেছে, সরকার একটি কলমের আঁচড়ে হার্ভার্ডের এক-চতুর্থাংশ শিক্ষার্থী যারা আন্তর্জাতিক ভিসাধারী তাদের মুছে ফেলতে চেয়েছে। বিশ্ববিদ্যালয়টি আরও জানায় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হলে ৭ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং অসংখ্য শিক্ষা কার্যক্রম, গবেষণা ল্যাব ও কোর্সে চরম অচলাবস্থা তৈরি হবে। হার্ভার্ড বলেছে, এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পাঠক্রম ও শিক্ষকদের মতাদর্শ নিয়ন্ত্রণের সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের প্রথম সংশোধনী অধিকার প্রয়োগের জবাবে সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম বৃহস্পতিবার ঘোষণা দেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম-এর স্বীকৃতি বাতিল করা হবে। তিনি অভিযোগ করেন, হার্ভার্ড সহিংসতা, ইহুদি-বিদ্বেষ এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বিত কার্যক্রমে লিপ্ত।

হার্ভার্ড বলেছে, এই বাতিলাদেশ কার্যকর হলে আমাদের হাজারো শিক্ষার্থীকে ভর্তিচ্যুত করতে হবে, যা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত কাঠামো ও মানচিত্রকেই ভেঙে দেবে। প্রায় ৩৮৯ বছরের পুরনো এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ছাড়া হার্ভার্ডের তার ঐতিহ্য থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত