গাজীপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৩৩ এএম

গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমাতে মোগরখাল পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ প্রাচীন ও দীর্ঘতম খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এ উদ্যোগ নগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন, যা শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

গতকাল শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সেনাবাহিনীর সদস্যরা।

মোগরখাল গাজীপুর মহানগরীর ভোগড়া থেকে শুরু হয়ে পূর্ব চান্দনা, খাইলকুর, হায়দারাবাদ হয়ে হায়দারাবাদ খালে মিলিত হয়ে এবং পরে নিমতলী খাল হয়ে টঙ্গীর তুরাগ নদীতে পতিত হয়েছে। স্থানীয়রা জানান, এই খাল নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অবৈধ দখল, কলকারখানার রাসায়নিক বর্জ্য ও দূষণের কারণে খালটি কার্যকারিতা হারিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে খালটির সীমানা নির্ধারণ, দখল উচ্ছেদ ও খননের দাবি জানিয়ে আসছিল।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, মোগরখাল গাজীপুরের পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অবৈধ দখল ও রাসায়নিক বর্জ্যরে কারণে এটি প্রায় মৃতপ্রায়। আমরা সিটি করপোরেশনের এ পুনরুদ্ধার কার্যক্রমকে সাধুবাদ জানাই।

গতকাল সরেজমিন দেখা যায়, কার্যক্রমের অংশ হিসেবে, খাল থেকে অপসারিত মাটি ও বর্জ্য খালের পাশে না ফেলে ট্রাকযোগে সরাসরি ডাম্পিং পয়েন্টে নেওয়া হচ্ছে। এটি পরিবেশ দূষণ কমাতে সহায়ক হবে। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নাগরিক সুবিধা ও পরিবেশ রক্ষায় আমরা এ খালের সীমানা নির্ধারণ, দখল উচ্ছেদ ও খনন কার্যক্রম শুরু করেছি। এটি সম্পন্ন হলে জলাবদ্ধতা ও দূষণজনিত দুর্ভোগ অনেকাংশে কমবে।

পরিবেশবাদী সংগঠনগুলো এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত