গুলিবিদ্ধ  ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর মারা গেছেন

আপডেট : ২৫ মে ২০২৫, ০৪:৩৬ পিএম

চট্টগ্রাম নগরে গুলিবিদ্ধ  ‘সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৫ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আকবর নগরের বায়েজিদ বোস্তামি এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। এর আগে শুক্রবার (২৩ মে)  রাত সাড়ে আটটার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, ‘হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরের মৃত্যু হয়েছে।’

পতেঙ্গা সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া অবস্থায় আকবরকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

স্বজনদের অভিযোগ, কারাবন্দী শীর্ষ 'সন্ত্রাসী’ সাজ্জাদ তার লোকজন দিয়ে আকবরকে গুলি করেছেন। আকবর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে কটূক্তি করে ভিডিও দিতেন। একই সঙ্গে সাজ্জাদের স্ত্রীর বিরুদ্ধেও আকবরকে হুমকি দিয়ে ভিডিও দেওয়ার অভিযোগ রয়েছে।

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে গ্রেপ্তার হন সন্ত্রাসী সাজ্জাদ। এরপর ২৯ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কারকে লক্ষ্য করে গুলি করলে দুজন নিহত হন। সন্ত্রাসী সারোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি করেছিলেন সাজ্জাদের অনুসারীরা। কিন্তু সারোয়ার ভাগ্যক্রমে বেঁচে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত