কিশোরগঞ্জের ৫ ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:০৫ এএম

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলার পাঁচটি ফেরিঘাটের সংযোগ সড়ক। এতে জেলা শহর থেকে হাওরের করিমগঞ্জ, ইটনা ও মিঠামইনে যাতায়াতে পাঁচটি ঘাটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে জেলা সদরের সঙ্গে এই তিনটি উপজেলায় যোগাযোগে প্রতিদিন হাজারো মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানায়, গত কয়েক দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কিশোরগঞ্জের ঘোরাউত্রা ও ধনুসহ বিভিন্ন নদীর পানিবৃদ্ধি অব্যাহত আছে। এরই মধ্যে ঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, পানি বৃদ্ধির কারণে জেলার করিমগঞ্জের বালিখোলা ও চামড়াঘাট, মিঠামইনের শান্তিপুর ফেরিঘাট, ইটনার বড়িবাড়ি ও বলদা ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। ফেরি বন্ধ থাকায় এখন অনেকেই ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে ঘোরাউত্রা ও ধনু নদী পার হয়ে জেলা শহরে আসছেন।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাওরাঞ্চলে সব নদ-নদীর পানি বেড়েছে। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, পানি বৃদ্ধির কারণে ফেরিঘাটের রাস্তা তলিয়ে গেছে। তাই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিনই হাওরের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে আগামী কয়েক দিনে পানি আরও বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত