ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঈদুল ফিতর খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিগত যেকোনো বছরের তুলনায় ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রামের বাড়িতে যেতে পেরেছেন এবং ফিরে এসেছেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আশা করি ঈদুল আজহায়ও আমরা নগরবাসীকে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারব। এজন্য সরকারের সব সংস্থাকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সমন্বয় করে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়। আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা, বাস, লঞ্চ, রেলস্টেশনকেন্দ্রিক নিরাপত্তা, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও গমনাগমন, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা, ঈদ জামাত ও ঈদ-পরবর্তী নিরাপত্তাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভাটি হয়েছে।
