রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার সকালে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় গুম হওয়া পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা এর নিশ্চয়তা চাই। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়াসহ ৫ দফা দাবি জানিয়েছে সদস্যরা।
গুমের শিকার যে সব ব্যক্তি ফেরত আসেননি তাদের খবর জনগণকে জানানো, গুম হওয়া ব্যক্তিদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। ভারতে আরও গুমের শিকার ব্যক্তি রয়েছেন কি-না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ স্থাপন করে তাদের খবর জানা, যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে কারাগার থেকে মুক্তি দিতে হবে এবং গুমের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টির মধ্যেও কর্মসূচিতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
