ইটভাটার ধোঁয়ায় পুড়ে গেছে ৫০০ বিঘা জমির ফসল

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:১৯ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেমাঠ গ্রামে ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় প্রায় ৫০০ বিঘা জমির বিভিন্ন ফসল পুড়ে গেছে। এতে দেড়

শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল শনিবার সকালে কৃষকরা ঘটনাটি জানতে পারেন।

গত শুক্রবার রাতে পেরইত গ্রামের সড়কের পাশের ইটভাটা স্টোন ব্রিক্স থেকে গ্যাস ছাড়লে আশপাশের ড্রাগন ফল গাছ, শিমগাছ, তামাক পাতা, কচু, পটোলসহ বিভিন্ন ফসল পুড়ে যায়।

শনিবার সকালে কৃষকরা মাঠে গিয়ে দেখতে পান তাদের ফসল পুড়ে গেছে। মাঠের প্রায় আড়াই কিলোমিটার জুড়ে ফসলের ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। এ ঘটনায় তারা ক্ষতিপূরণের পাশাপাশি ইটভাটা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত সন্টু মিয়া বলেন, ‘শনিবার সকালে মাঠে গিয়ে দেখি চোখমুখ জ¦লছে। খোঁজ নিয়ে জানতে পারলাম রাতে স্টোন ব্রিক্স ইটভাটা থেকে গ্যাস ছেড়েছে। এতে ফসল পুড়ে গেছে।’

বেলে মাঠ গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘ইটভাটার কালো ধোঁয়া আর গ্যাসের কারণে মাঠের সব ফসল শেষ হয়ে গেছে। ড্রাগন গাছ, শিম গাছ, তামাক পাতা, কচু, কলাগাছ, মাল্টা, পেঁপে সব পুড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে।’

কৃষক আব্দুল আলীম বলেন, ‘আমি ঋণ নিয়ে ১০ বিঘা জমিতে আবাদ করেছি। তার মধ্যে কলা, কচু, পেয়ারা, পেঁপে সব শেষ হয়ে গেছে।’

ওই গ্রামের কৃষক খায়রুল ইসলাম বলেন, ‘আমাদের ৫০০ বিঘা জমির ফসলের ক্ষতি হয়েছে। আমাদের এ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে দুই শতাধিক কৃষক পথে বসবে।’

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। তিনি বলেন, ‘শনিবার সকালে আমি ফোনে জানতে পারি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় মহেশপুর বেলে মাঠে কৃষকের প্রায় ৫০০ বিঘা ফসলের জমির ক্ষতি হয়েছে। ড্রাগন, মুখি কচু, মরিচ, পেঁপে, কলাগাছ, পটোলসহ সব ফসলের পাতা পুড়ে গেছে। এতে করে এসব ফসলের ফলনে বড় একটা প্রভাব পড়বে। কৃষকের ক্ষতি নিরূপণ করে তার একটা তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এ ব্যাপারে ইটভাটার মালিক রফিকুল ইসলামের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত