পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছে। সফরের লক্ষ্যে যশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাস্থল পরিদর্শন এবং সংখ্যালঘুদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা।
কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে জানা গেছে, শুভেন্দুসহ বিজেপি প্রতিনিধিদল ভিসার জন্য আগ্রহ দেখিয়েছে এবং মিশন তাদের ভিসা প্রদানে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছে। তবে দলে কতজন সদস্য থাকবেন, সে বিষয়ে বিজেপি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
কূটনৈতিক সূত্র জানায়, শুক্রবার বিজেপি কলকাতার বাংলাদেশ মিশনে একটি স্মারকলিপি জমা দিয়েছে। পরে শুভেন্দু সাংবাদিকদের জানান, প্রতিনিধিদল পশ্চিমবঙ্গ থেকে সড়কপথে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোরের ডহরমশিয়াহাটি গ্রামে যাবে। দলটির নেতৃত্ব দেবেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, যিনি বিষয়টি দ্রুত চূড়ান্ত করার দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, গত ২২ মে যশোরের অভয়নগরে বিএনপির এক স্থানীয় নেতার হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শুভেন্দু দাবি করেন, মতুয়া সম্প্রদায়ের কমপক্ষে ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইতিমধ্যে আর্থিক সহায়তা, চাল ও টিন প্রদান করেছে।
শুভেন্দু আরও বলেন, তারা নিজেরাও ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চান। তবে এটি সরাসরি না করে বাংলাদেশ সরকারের অনুমোদনের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ বা মতুয়া সংগঠনের মাধ্যমে সহায়তা পৌঁছাতে চান।
বাংলাদেশ উপদূতাবাস জানিয়েছে, যেকোনো অনুমোদিত প্রতিনিধিদলকে দ্রুত ভিসা দেওয়ার ব্যবস্থা করা হবে।
