ইউক্রেনকে ন্যাটোয় দেখতে চায় না যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ জুন ২০২৫, ১২:২৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চায় না, যা রাশিয়ার দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উদ্বেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলগ বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগ একটি যৌক্তিক বিষয়।’ তিনি রয়টার্সের এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন, যেখানে বলা হয়েছে, রাশিয়া লিখিত প্রতিশ্রুতি চায় যে ন্যাটো ইউক্রেন, জর্জিয়া ও মলডোভাসহ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে জোটে অন্তর্ভুক্ত করবে না। এই দাবি রাশিয়ার জাতীয় নিরাপত্তার কৌশলের একটি মূল অংশ, কারণ তারা ন্যাটোর উপস্থিতিকে তাদের সীমান্তের কাছে হুমকি হিসেবে বিবেচনা করে।  কেলগ বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদান আমাদের আলোচনার বিষয় নয়। শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটোর অন্তত চারটি সদস্য রাষ্ট্র এ বিষয়ে একই অবস্থানে রয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, ন্যাটোর সদস্যপদের জন্য ৩২টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত অনুমোদন প্রয়োজন, যা ইউক্রেনের ক্ষেত্রে বর্তমানে অসম্ভব বলে মনে হচ্ছে। এই প্রেক্ষাপটে, রাশিয়ার উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ন্যাটোর সম্প্রসারণ রাশিয়া-পশ্চিম সম্পর্কের উত্তেজনার একটি প্রধান কারণ। 

কেলগ উল্লেখ করেন, রাশিয়া কেবল ইউক্রেন নিয়েই নয়, জর্জিয়া ও মলডোভার ন্যাটোতে সম্ভাব্য যোগদান নিয়েও উদ্বিগ্ন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, আগামী সোমবার তুরস্কের ইস্তাম্বুলে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার পৃথক খসড়া নথি একত্র করে একটি চূড়ান্ত শান্তি নথি প্রস্তুত করা হবে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশ নেবেন। 

কেলগ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অযৌক্তিক আচরণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশার কথা উল্লেখ করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার তীব্র সমালোচনা করে বলেন, ‘ইউক্রেনের উচিত শান্তি আলোচনায় অংশ নেওয়া।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত