ঈদের দিন বিকেল ৫টায় মধ্যে কুরবানির বর্জ্য পরিষ্কারের লক্ষ্য চসিকের

আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:৪২ পিএম

ঈদুল আযহার দিন বিকেল পাঁচটার মধ্যেই নগরীর কুরবানির বর্জ্য পরিষ্কারের লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ৩৬৯টি গাড়ি নিয়ে ৪২০০ কর্মী ৪১ ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ করবে। সোমবার (২ জুন) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের প্রস্তুতি সভায় এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। 

চসিক সূত্র জানায়, পরিচ্ছন্নতা অভিযান তদারকির জন্য ঈদের দিন মেয়র নিজেই মাঠে থাকবেন বলে জানিয়েছেন। এছাড়া নগর ভবনের দামপাড়ায় একটি নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) খোলা থাকবে, যেখান থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। দুটি হটলাইন নম্বর ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ অভিযোগ বা পরামর্শ জানানোর ব্যবস্থাও থাকবে। এছাড়া ব্যবসায়ীদের সংগৃহীত চামড়া ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং টিম কাজ করবে।

প্রস্তুতি সভায় মেয়র শাহাদাত বলেন, আমাদের টার্গেট ঈদের দিন ৫টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা। নগরীর ৪১টি ওয়ার্ডে মোট ৩৬৯টি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করবে। বর্জ্য অপসারণের জন্য ডাম্প ট্রাক, কম্পেক্টর, পে-লোডার কাজ করবে। পানির ভাউজার থাকবে রক্ত পরিস্কার করার জন্য। কোন কর্মী অসুস্থ হলে জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য এম্বুলেন্সসহ মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

তিনি বলেন, কোরবানির চামড়া নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে। নগরীর বাহিরের চামড়া নির্দিষ্ট সময় পর্যন্ত নগরীতে প্রবশ করতে পারবে না। এ ছাড়া নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, পশু জবাইয়ের আগে পানি পান করানো, জবাইয়ের স্থান পরিষ্কার রাখা এবং রক্ত-পানি ড্রেনে পড়ে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এসব অনিয়ম দুর্গন্ধ ছড়াতে পারে ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সভায় অন্যান্যের মধ্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত