দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে কাল কোরবানি

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশসহ প্রায় ৬০টি গ্রামে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের লক্ষাধিক অনুসারী এই ঐতিহ্য অনুসরণ করে সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে এক দিন আগে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করবেন।

এই ঐতিহ্যের সূচনা প্রায় ২০০ বছর আগে সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান (র.) করেছিলেন। তিনি সৌদি আরবের মক্কা ও মদিনা শরীফের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম প্রবর্তন করেন। তার এই পথ অনুসরণ করে হানাফী মাযহাবের অনুসারীরা প্রতি বছর বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার খবর পেলে এক দিন আগে ধর্মীয় উৎসব পালন করে থাকেন।

সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের সৈয়্যদ মাওলানা আবদুর রহমান শাহ জাহাঁগিরী এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর বলেন, ‘আমরা মাওলানা মোখলেসুর রহমানের দেখানো পথে মক্কা-মদিনার চাঁদ দেখার সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করি।’

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিণারপাড়া, ফকিরপাড়া, সর্বল কাজী বাড়ি এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বরমা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি, দোহাজারি, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝেরপাড়া, দিঘিরপাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গ-ামারা, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ প্রায় ৬০টি গ্রামে শুক্রবার ঈদ পালিত হবে। এ ছাড়া বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাঁদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, বগুড়া, ঝালকাঠি, খুলনা, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এবং বিশ্বের বিভিন্ন স্থানে দরবার শরীফের অনুসারীরা একই দিনে ঈদ উদযাপন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত