ঈদযাত্রায় যমুনা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৪৫ এএম

কোরবানির ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়কে। বাড়ি ফেরা যাত্রায় যমুনা সেতু দিয়ে যান চলাচল বেড়ে যাওয়ায় টোল আদায়ে তৈরি হয়েছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন। আর এতে আদায় হয়েছে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল।

আজ শুক্রবার সকালে যমুনা সেতুর সাইট অফিস থেকে এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গমুখী যানবাহন ছিল ৪৩ হাজার ৩টি, যেগুলো থেকে আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। একই সময়ে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ২৮০টি, এ থেকে আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

এ হিসাবে বৃহস্পতিবার একদিনে আগের তুলনায় ১২ হাজার ৪৩৪টি বেশি গাড়ি চলাচল করেছে যমুনা সেতু দিয়ে। গড় হিসেবে প্রতি মিনিটে ৪৪টি যানবাহন পারাপার হয়েছে।

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত চার দিনে সেতু দিয়ে মোট ১ লাখ ৭৯ হাজার ৮৬৩টি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয়েছে মোট ১৩ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতুর টোল অপারেশনের দায়িত্বে থাকা ম্যানেজার প্রবীর কুমার ঘোষ জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং কিছু গাড়ি সেতুর ওপর বিকল হয়ে পড়ায় কয়েকবার টোল আদায় সাময়িক বন্ধ রাখতে হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে উভয় পাশে ৯টি করে টোল বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের জন্য পৃথকভাবে ২টি করে বুথ ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, ‘একদিনে যমুনা সেতু থেকে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে সেতু পার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত