বান্দরবানে থানচি উপজেলা সদরের পর্যটন তথ্য কেন্দ্রের পাশের সেতুর নিচ থেকে চিংলুং মারমা (৪৬) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত চিংলুং মারমা (৪৬) উপজেলা বলিপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ক্যচু পাড়ার বাসিন্দা মৃত মংহ্রা মারমার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংগু সেতুর চার পাশ থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। পরে সেতুর নিচে অর্ধগলিত মরদেহটি পরে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ৩/ ৪ দিন আগেই তিনি মারা গেছেন।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ শনাক্ত করেছি । তিনি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘ দিন ধরে সাংগু সেতুর নিচে অবস্থান করতেন। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে নিহতের মাকে খবর দিয়েছি।’
