রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করাসহ সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে। গতকাল বুধবার দুপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে সুকচাঁদকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার রাত পৌনে ১২টার সময় এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকচাঁদ বিশ্বাসের বসতবাড়িতে লোকজন চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে।
সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুকচাঁদ বিশ্বাসের বসতবাড়িতে পৌঁছামাত্র তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন পালানের চেষ্টা করলেও কৌশলে সুকচাঁদ বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম
হয় পুলিশ। পরে আসামির বসতবাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সুকচাঁদ আরও স্বীকার করেন যে, তিনি একজন মোটরসাইকেল মেকানিক। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলের চোরদের সঙ্গে পরস্পর যোগসাজশে মোটরসাইকেল চুরি করিয়ে তার নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রি করে আসছেন। পলাতক আসামিরাও চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা করা হয়েছে।
