চট্টগ্রামে অপহরণের শিকার এক বালু ব্যবসায়ীকে উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা সøুইসগেট এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত অপহরণকারী কাউকে গ্রেপ্তার করা যায়নি। অপহৃত জহির উদ্দিন সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে ও বালু ব্যবসায়ী। তিনি নলুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
জানা গেছে, গত বুধবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে অপরিচিত এক ব্যক্তি বালু কেনার কথা বলে জহির উদ্দিনকে বইক্যারপাড়া এলাকায় দেখা করতে বলেন। জহির উদ্দিন তার ছোট ভাই সোহেলকে সঙ্গে নিয়ে বইক্যারপাড়া এলাকায় যান। সেখানে সাত-আটজন দুর্বৃত্ত সোহেলকে মারধর করে তাড়িয়ে দেন এবং জহির উদ্দিনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের খবর পেয়ে গতকাল ভোরে যৌথবাহিনীর সদস্যরা কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা সøুইসগেট এলাকা থেকে তাকে উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত।
