চাঁদা না দেওয়ায় চিকিৎসকের চেম্বারে হামলা

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:৫৪ এএম

ফেনীর সোনাগাজীতে দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় চক্ষু চিকিৎসকের চেম্বারে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামে চক্ষু চিকিৎসক গোলাম রাসুলের চেম্বারে সশস্ত্র হামলার এ ঘটনা ঘটে। হামলায় নারীসহ আহত হয়েছেন পাঁচজন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো নিজ বাড়িতে রোগী দেখছিলেন ডা. গোলাম রসুল সুমন। এ সময় পাশের আড়কাইম গ্রামের পাটোয়ারী বাড়ির ইকবাল ও তার সহযোগী নুর হায়দারসহ কয়েকজন রোগী দেখা অবস্থায় জোর করে চিকিৎসকের চেম্বারে প্রবেশের চেষ্টা করেন। চিকিৎসকের সহকারী ইব্রাহিম তাদের বাধা দেন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে চিকিৎসকের চেম্বারে ব্যাপক ভাঙচুর চালান। হামলার সময় চিকিৎসকের স্বজনরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করেন। এতে আহত হন চিকিৎসকের বড় বোন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিবি মরিয়ম, ভাই গোলাম বাতেন, ভাতিজা রুমন, ভাগিনা ফাহিমুল হকসহ পাঁচজন।

অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত ইকবাল, হায়দার ও তাদের সহযোগীদের বক্তব্য জানা যায়নি। এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীর তরফ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত