খালেদা জিয়া সেজে তাক লাগাল শিশু স্বর্ণা

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির কর্মী সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেজে তাক লাগিয়েছে শিশু নুসরাত জাহান স্বর্ণা। আজ রবিবার বিকালে ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনের মঞ্চের সামনে শিশুটিকে দেখা যায়।

শিশু নুসরাত জাহান স্বর্ণা পৌর শহরের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সাদেক মিয়ার মেয়ে।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত মঞ্চের সামনে গিয়ে দেখা গেছে, ব্যাটারিচালিত একটি ভ্যানে মঞ্চ বানিয়ে কাঠের চেয়ারে খালেদা জিয়ার সাজে বসে আছে স্বর্ণা। তাকে নিরাপত্তা দিতে এক পাশে দাঁড়িয়ে আছে প্রতীকী একজন শিশু পুলিশ সদস্য। অন্যপাশে জরিনা নামে একজন শিশু। এ সময় সে প্রধান অতিথি ও সমাবেশে আগত নেতাকর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়। গোলাপি রঙের শাড়ি ও কালো চশমা পরিহিত স্বর্ণাকে খালেদা জিয়ার সাজে বেশ মানিয়েছে বলে জানান উপস্থিত নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের তার সঙ্গে ছবি তোলার দৃশ্য দেখা যায়।

খালেদা জিয়া সাজে শিশু স্বর্ণা জানায়, আমার পরিবার বিএনপি দলকে ভালোবাসে। পরিবারের ইচ্ছায় খালেদা জিয়ার মতো সেজেছি। আমার খুব ভালো লাগছে।

সঙ্গে থাকা মেয়েটির ফুফু রাশিদা বেগম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রাণের সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন, জেল খেটেছেন। তাই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে ভাতিজিকে খালেদা জিয়ার সাজে সাজিয়ে সমাবেশস্থলে এসেছি।

উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন আপসহীন নেত্রী। তিনি গণতন্ত্রের মা। এমন দেশপ্রেমিক মা প্রত্যেক ঘরে ঘরে জন্ম নিক। ছোট শিশু স্বর্ণা গণতন্ত্রের মা খালেদা জিয়া সেজে সবাইকে তাক লাগিয়েছে। শিশুটির জন্য সবাই দোয়া করবেন।

সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন-অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি টিপুসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত