মাত্র দুদিন আগে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের শিরোপা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অজিদের ৫ উইকেটে হারিয়ে প্রথমবার এই শিরোপা জয় করেছে প্রোটিয়ারা। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র। ১৭ জুন গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ২০২৫-২৭ চক্রের পথচলা।
এই চক্রে অংশ নিচ্ছে আগের মতোই মোট ৯টি দল, যেখানে আগামী দুই বছরে অনুষ্ঠিত হবে মোট ৭১টি টেস্ট ম্যাচ। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে দেখা যাবে একাধিক বড় পরিবর্তন ও নতুন নেতৃত্ব। দুইবার রানার্স-আপ হওয়া ভারত এবার নতুন অধিনায়ক শুভমান গিলের অধীনে যাত্রা শুরু করবে চতুর্থ চক্রের। রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে ২০ জুন হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ দিয়ে শুরু হবে ভারতের নতুন অধ্যায়। পুরো চক্রে তারা খেলবে ১৮টি টেস্ট।
২০২৪ সালের আগস্ট থেকে অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে টানা ৯টি টেস্টে অপরাজিত দক্ষিণ আফ্রিকা এখন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন। তারা নতুন চক্রের প্রথম সিরিজ খেলবে পাকিস্তানে, অক্টোবর ২০২৫-এ। তবে দক্ষিণ আফ্রিকার দর্শকদের অপেক্ষা করতে হবে আরও ১৫ মাস। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত, যখন ঘরের মাঠে তারা তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। চক্রে বর্তমান চ্যাম্পিয়নদের মোট টেস্ট ১৪টি।
এই চক্রে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে এই অস্ট্রেলিয়াই, মোট ২২টি। এরপরই রয়েছে ইংল্যান্ড, তাদের ম্যাচ সংখ্যা ২১। এই দুই দল বছরের শেষ দিকে একে অপরের বিপক্ষে অ্যাশেজ সিরিজে মুখোমুখি হবে, এবার যা আয়োজিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কা সিরিজসহ ছয়টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রতিটি সিরিজ হবে দুই ম্যাচের। এর মধ্যে বিদেশের মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এই তিন দলের বিপক্ষে শান্ত-লিটন-মিরাজরা খেলবেন ঘরের মাঠে। এবারের চক্রে মোট ১২টি টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়া নিউজিল্যান্ড ১৬টি, ওয়েস্ট ইন্ডিজ ১৪টি, পাকিস্তান ১৩টি ও শ্রীলঙ্কা ১২টি টেস্ট খেলবে এই চতুর্থ চক্রে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রত্যেক দল ছয়টি করে সিরিজ খেলবে। যার মধ্যে তিনটি নিজেদের মাঠে ও বাকি তিনটি খেলবে প্রতিপক্ষের মাঠে। জিতলে ১২ পয়েন্ট পাবে সেই দল। ড্র ও টাইয়ের জন্য থাকছেন ৪ ও ৬ পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট থাকবে না। নিশ্চিতভাবেই ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনা ও নাটকীয়তার প্রতিশ্রুতি আর নতুনত্ব নিয়ে হাজির হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭।
