আবু সাঈদ হত্যা মামলা

১৪ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:৪৩ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে বেরোবি (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)  শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। একই সঙ্গে এ মামলার চার আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

শুনানিকালে মামলার চার আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। তারা হলেন পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ। এর মধ্যে আমির হোসেন ও সুজনকে ১৮ জুন এবং শরিফুল ইসলাম ও ইমরান চৌধুরীকে ১৯ জুন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর এস এম মঈনুল করিম।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী আজিজুর রহমান দুলু ও রাশেদুল হক খোকন।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই বেরোবির সামনে পার্ক মোড়ে আবু সাঈদ গুলিবিদ্ধ হন। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আবু সাঈদ হত্যার পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ হত্যাকা-ের প্রতিবাদে সোচ্চার হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত