ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে শহরের উপকণ্ঠে নিয়ন্ত্রণহীন প্রাইভেটকারের ধাক্কায় ভেঙে গেছে ধলেশ্বরী নদীর ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর রেলিং। এতে অন্তত রেলিংয়ের ১০ মিটার ভেঙে পড়েছে। গতকাল রবিবার সকালে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
এদিকে, খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের লোকজন দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার উদ্ধার করেছে। ভেঙে যাওয়া রেলিং বাঁশ দিয়ে মেরামত করা হয়েছে। নিরাপত্তায় সেখানে আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।
সেতু বিভাগের মুক্তারপুর সেতুর সাইড অফিসের সহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৫টার দিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা বিকল হয়ে সেতুর ওপর দাঁড়িয়ে থাকে। এ সময় শহরের দিকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হাঁটার সড়কের ওপর উঠে গিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ অবস্থায় প্রাইভেটকারটি সেতুর রেলিংয়ের সঙ্গে আটকে থাকে।
সেতু বিভাগের ওই প্রকৌশলী আরও জানান, সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার উদ্ধার করেছে। অন্তত ১০ মিটার এলাকা জুড়ে সেতুর রেলিং ভেঙে গেছে।
নিরাপত্তার খাতিরে ভেঙে যাওয়া রেলিংয়ে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। সেখানে আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে আজ সোমবার ভেঙে যাওয়া রেলিং মেরামতের কাজ শুরু হবে।
