নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ সুমন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এলাকার গার্মেন্টস কারখানা, জমির ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা আরিফ মিয়ার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা রকি মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
সোমবার রাত ১১টার দিকে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের সামনে যুবদল নেতা আরিফ মিয়ার সঙ্গে ছাত্রদল নেতা রকি মিয়ার বাগ্বিত-া হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে সাইফুল ইসলাম, সুমন মিয়া, আরিফ, পিয়াল, ইমন ও সিফাতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবার সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। তদন্ত করে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।০
