যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউজে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। তাদের মধ্যে অনেকটা গোপনীয় বৈঠক হওয়ার কথা, যেখানে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। বিবিসি জানিয়েছে, ফিল্ড মার্শাল মুনির গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে সফর করছেন এবং দুজনের মধ্যে বৈঠকের সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল বলে জানা গেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এ সংঘাত অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই তাদের দুজনের এই বৈঠক হলো।
ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, মে মাসের শেষের দিকে মুনির ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন। গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় বাঘেরি নিহত হন। অন্যদিকে মুনিরকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। ইসলামাবাদ এ বৈঠকটি একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। কারণ এর আগে চলতি মাসের শুরুতে ভারতের একটি প্রতিনিধিদল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছিল, যেটিকে ভারতীয় মিডিয়ায় বড় কূটনৈতিক অর্জন হিসেবে উপস্থাপন করা হয়। এখন মুনিরের হোয়াইট হাউজ সফরকে পাকিস্তান একটি পাল্টা সাফল্য হিসেবে দেখাচ্ছে।
