দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছয়টি আবাসিক হল ও একটি ভবনের নাম পরিবর্তন করেছে প্রশাসন। এর মধ্যে রয়েছে তাজউদ্দীন আহমদ হলও। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে হল ও ভবনের নাম পরিবর্তন করা হয়।
এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয়-২৪ হল, তাজউদ্দীন আহমদ হলের পরিবর্তে শহীদ আবরার ফাহাদ হল, শেখ রাসেল হলের পরিবর্তে শহীদ নূর হোসেন হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে বেগম রোকেয়া হল, আইভি রহমান হলের পরিবর্তে নবাব ফয়জুন্নেসা হল এবং ড. এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন নামকরণ করা হয়েছে।
এ ছাড়া শেখ সায়েরা খাতুন হলের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া হল নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বেগম খালেদা জিয়া হলের নামকরণ করার বিষয়টি তার পরিবারের সদস্যদের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত করা হবে।
