তেঁতুলিয়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ

আপডেট : ২১ জুন ২০২৫, ১২:০৬ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুটি সারের দোকানে অবৈধভাবে সার মজুদের ঘটনায় কয়েক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালান্দিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেঁতুলিয়া

কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইলিয়াস ফারুক ও অফিস সহকারী আজাদ হোসাইনসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়ে ফিরে যান বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

জানা যায়, উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ বাজারে সেলিম হোসেন ও রবিউল ইসলাম নামে দুই ব্যবসায়ী তাদের সারের দোকানের সামনে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রাক থেকে সার আনলোড করে গুদামে মজুদ করছিলেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইলিয়াস ফারুক ও অফিস সহকারী আজাদ হোসাইনসহ সংশ্লিষ্টরা। তারা ঘটনার সত্যতা পেয়ে লাইন্সেসসহ বিভিন্ন কাগজপত্র দেখাতে বললে ব্যবসায়ীরা তা দেখাতে ব্যর্থ হন। পরে তারা কোনো ব্যবস্থা না নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে অফিসে ফিরে যান।  

এ বিষয়ে জানতে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইলিয়াস ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ওখানেই আছি। তারা সার ও কীটনাশক বিক্রি করেন। তাদের একজনের খুচরা ডিলারের লাইসেন্স আছে।’

এ ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, ‘বিষয়টি শোনার পরপরই আমি কৃষি অফিসকে অবগত করেছি। তারা ব্যবস্থা  নেবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত