রেলের পাত চুরি মামলায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বাদী হয়ে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলাটি করেন। মামলায় উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা ছাড়াও আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার আর্জি সূত্রে জানা গেছে, আসামি সুলতান মৃধা মাদারীপুরের শিবচরের চরকামার হাওলাদারকান্দি এলাকার হবির উদ্দিন মৃধার ছেলে। তিনি রেলওয়ের সৈয়দপুর বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রেলওয়ের সৈয়দপুর বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর (পথ) কার্যালয় সংলগ্ন গোডাউন পরিদর্শনে যান পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম। এ সময় গোডাউনে চারটি অক্সি-অ্যাসিটিলিন সিলিন্ডার, একটি এলপিজি গ্যাস সিলিন্ডার, কাটিং কেব্লসহ রেললাইনের ২৫টি বিভিন্ন সাইজের কাটা পাত দেখতে পান। মূলত তা চোরাইপথে পাচারের জন্য জমা রাখা হয়েছিল। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
