চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকা ঘুষ দাবি

আপডেট : ২২ জুন ২০২৫, ১২:৩৬ এএম

ফেনী সিভিল সার্জন অফিসে চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার একটি অডিও ফাঁস হওয়ায় সমন্বয়ক রাব্বির বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য বিভাগ। গত বৃহস্পতিবার রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ রাব্বি (২৮)। তিনি পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে। মামলার অন্য আসামি আব্দুল কাদের (৩০) অনন্তপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

ফেনীর সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরির প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থী আবদুল কাদের নামের এক যুবকের কাছে ১০ লাখ টাকা ঘুষ চান তারা। এ ব্যাপারে পরশুরাম থানার ওসি নুরুল হাকিম মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত