বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেসরকারি শিক্ষকদের জন্য জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই শিক্ষকদের ৪০ ভাগ বেতন দেওয়া শুরু করেন। তিনিই পরে ৫০ ভাগ বেতন চালু করেন। ১৯৯১ সালে খালেদা জিয়া ৮০ ভাগ এবং ২০০৬ সালে নির্বাচিত হওয়ার পর শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন চালু করেন। তিনিই নারী শিক্ষার উন্নয়নে মেয়েদের উপবৃত্তি চালু করেন।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, শিক্ষক নেতা জান্নাতুল ফেরদৌস, রেজাউল করিম, আব্দুল মতিন, ইউসুফ আলী, সাজ্জাদ হোসেন প্রমুখ।
