নারায়ণগঞ্জের আড়াইহাজারে তীব্র গ্যাসসংকটে পড়েছেন দেড় শতাধিক শিল্প-কারখানার মালিক। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানও। তিন বছর ধরে গ্যাসসংকট থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিকরা।
এ পরিস্থিতিতে গতকাল শনিবার সকালে আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় অবস্থিত লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত ও সবুজ কারখানার স্বীকৃতি পাওয়া মিথিলা টেক্সটাইলের ওভেন ডাইং কারখানা পরিদর্শন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এমডি শাহনেওয়াজ পারভেজ।
পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, ‘আমি সরেজমিনে গ্যাস সরবরাহ দেখতে এসে গ্যাসসংকটের সত্যতা পেয়েছি। আমরা এ সংকট নিরসনে কাজ করছি। আশা করছি, স্বল্প সময়ের মধ্যেই এ থেকে উত্তরণের ব্যবস্থা হবে।’
