স্বৈরাচার আওয়ামী লীগের পতনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কাউন্সিল ২০২৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)। সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইনামুল হাসান (হাসান ইনাম)। গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচন শেষে নির্বাচন শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান।
এর আগে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা কাউন্সিলে ভোট প্রদান করেন। রাজধানীর রূপায়ণ টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মঈনুল ইসলাম এবং মুখপাত্র হিসেবে সিনথিয়া জাহীন আয়েশা নির্বাচিত হন।
এর আগে, গত ৭ মার্চ বৈষম্যবিরোধী কমিটির নামে অনেকে অপরাধে জড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের অস্তিত্ব নেই বলে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি গঠন করা হয়। এতে সমন্বয়ক ও সহ-সমন্বয়ক মিলিয়ে মোট ১৫৮ জনকে সদস্য করা হয়েছিল। পরে অভ্যুত্থানের প্রায় তিন মাসের মাথায় ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক এবং উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। এরপর ২২ নভেম্বর সংগঠটির ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
