বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামু দর্জি গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্র সচিব নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশে তার কূটনৈতিক মেয়াদকালে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ভুটানের রাষ্ট্রদূতও পররাষ্ট্র সচিবকে নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান এবং ভুটানের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাণিজ্য ও শিক্ষা অগ্রাধিকার পায়। দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন পণ্যের গুণগত মান অত্যন্ত উন্নত এবং তিনি আশাবাদ প্রকাশ করেন যে, ভুটানে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে। এ ছাড়া আগামীতে ঢাকায় বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক এবং পররাষ্ট্র দপ্তরের নিয়মিত কনসালটেশন (এফওসি) সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানান।
