বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি-সিপিসির (চীনা কমিউনিস্ট পার্টি) নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে। পাঁচ দিনের চীন সফর শেষে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে দেশটির ক্ষমতাসীন দল সিপিসি আমন্ত্রণ জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ সিপিসি গ্রহণ করেছে।
রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুলসহ বিএনপির ৯ সদস্যের প্রতিনিধিদল। গেল ২২ জুন চীন সফরে যায় বিএনপির প্রতিনিধিদল।
এর আগে ঢাকায় ফেরার পথে চীনের শিয়ান বিমানবন্দরে মির্জা ফখরুল বলেন, বিএনপি-সিপিসি সমঝোতা দুই দেশের সম্পর্কে নতুন মাত্রায় উন্নীত করবে। বিএনপি মহাসচিব জানান, শুক্রবার সকালে তার নেতৃত্বে চীন সফররত বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সানঝি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করে। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন।
আদর্শ কমিউনিটিতে সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক বিদায় জানান।
