ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে : খসরু

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৪৫ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে।’ গতকাল শনিবার সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে ‘সিলেট বিজনেস ডায়ালগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, ‘ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। এক দিনও দেরি হবে না। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।’

খসরু আরও বলেন, ‘বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল, তা গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। আগের মতো রাজনীতি করলে আর হবে না, বাংলাদেশের মানুষের মনমানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত