কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেতুর টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালন করেছেন তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির কারণে সেতুর দুপাশে ৮-১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে হাজারো পথচারী। পরে জনদুর্ভোগের খবর পেয়ে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা দুদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম বলেন, ‘আন্দোলনকারীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুদিনের মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ‘জনগণের দাবির বিষয়টি ডিসি স্যার ও সওজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’
কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
