চলতি বছরের প্রথম ছয় মাসে চট্টগ্রামে ৪৫ হাজার ৬৯৭টি জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সংশোধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এ তথ্য জানান।
আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৬ মাসে ৪৫ হাজার ৬৯৭টি এনআইডি সংশোধন করা হয়েছে। এর মধ্যে ‘খ’ ক্যাটাগরিতে ৩৬ হাজার ৪৫৯, খ(১) ক্যাটাগরিতে ৪ হাজার ৯৫০টি এবং ‘গ’ ক্যাটাগরিতে সংশোধন হয়েছে ৪ হাজার ২৮৮টি। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অধীন নিষ্পত্তিকৃত ‘গ’ ক্যাটাগরিতে সংশোধন হয়েছে ২০ হাজার ৭৪৭টি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬০-৭০টি নতুন আবেদন জমা হচ্ছে।
বশির আহমেদ বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তিতে বর্তমানে জাতীয় পরিচয়পত্র উপস্থাপন বাধ্যতামূলক। যে কারণে অনেকে বিভিন্ন জায়গায় আগে থেকে দেওয়া কাগজপত্র মিল রাখার জন্য এনআইডি সংশোধন করতে চান। অনেকে বিভিন্ন দলিলপত্রে নিজের সুবিধার জন্য বয়স কম দেখিয়েছেন। এখন সে অনুযায়ী এনআইডি সংশোধন করতে চান। যে কারণে কিছু কিছু জটিলতা তৈরি হচ্ছে। এক্ষেত্রে এনআইডি অনুসারে অন্যান্য দলিলপত্র সংশোধন করে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
