গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ফেয়ার ইলেকট্রনিকস

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:২০ এএম

বাংলাদেশে হাইসেন্স এবং স্যামসাং মোবাইল ও কনজিউমার ইলেকট্রনিকস পণ্যের প্রস্তুতকারক ফেয়ার ইলেকট্রনিকস ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে।

ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান ‘ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক ইন্ডাস্ট্রি’ বিভাগে ফেয়ার ইলেকট্রনিকসের পক্ষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক ড. মো. সেলিম রেজা, ডিজিএম অলোক চক্রবর্তী এবং মারুফ হাসান ভূঁইয়া।

নরসিংদীর শিবপুরে অবস্থিত ফেয়ার ইলেকট্রনিকসের আন্তর্জাতিক মানসম্পন্ন কারখানায় শতাধিক দক্ষ বাংলাদেশি কর্মী কাজ করছেন। এখানে আইএসও ১৪০০১:২০১৫ পরিবেশ ব্যবস্থাপনা সিস্টেম অনুযায়ী পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন, কর্মীদের প্রশিক্ষণ ও পরিবেশবান্ধব নীতিমালা বাস্তবায়ন করা হয়। কারখানাটি পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বৈশ্বিক ব্র্যান্ডের উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখছে।

ফেয়ার ইলেকট্রনিকস ইতিপূর্বেও বিভিন্ন জাতীয় স্বীকৃতি অর্জন করেছে। এসবের মধ্যে রয়েছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০, জাতীয় উৎপাদনশীলতা ও গুণগত উৎকর্ষ পুরস্কার ২০২২, প্রথম আন্তর্জাতিক ব্র্যান্ড উৎপাদনকারী হিসেবে স্বীকৃতি ২০১৯ এবং জাতীয় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান ২০১৮-১৯।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত