মুন্সীগঞ্জের গজারিয়ায় ইজারা নিয়ে দ্বন্দ্বে গজারিয়া-চর কিশোরগঞ্জ নৌরুটে ট্রলার চলাচল হঠাৎ করে বন্ধে বিপাকে পড়েছে মুন্সীগঞ্জ সদরে যাতায়াতকারী সাধারণ মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে এই রুটে ট্রলার চলাচল বন্ধ থাকে।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য সালেহ আহমেদ রাসেল বলেন, আলাদা ট্রলার ভাড়া করে পরীক্ষার্থীদের পার করা হয়েছে। বিষয়টি জরুরি সমাধান হওয়া দরকার। এই মুহূর্তে গজারিয়াবাসী এই পথ দিয়েই জেলা সদরে যাতায়াত করে।
জানা যায়, দীর্ঘদিন ধরে নদীর গজারিয়া অংশের ট্রলার ঘাটের ইজারা দিয়ে আসছে গজারিয়া উপজেলা প্রশাসন। অন্যদিকে নদীর চর কিশোরগঞ্জ অংশে ট্রলার ঘাট ইজারা দেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন। নদীর গজারিয়া অংশে থাকা লঞ্চঘাটটি ইজারা দেয় বিআইডব্লিউটিএ। তবে এই ১ জুলাই থেকে চর কিশোরগঞ্জ ট্রলার ঘাটটি ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এদিকে চর কিশোরগঞ্জ ঘাটের ইজারাদার নদীর দুপাশের ট্রলার ঘাট থেকে ইজারা তোলার ঘোষণা দিলে বিষয়টি নিয়ে সমস্যার সৃষ্টি হয়।
গজারিয়া অংশের ট্রলার ঘাটের ইজারাদার রিপন মুন্সী বলেন, উপজেলা প্রশাসনকে ইজারা মূল্য পরিশোধ করে আমি ১ বৈশাখ থেকে চৈত্র মাসের ৩০ তারিখ পর্যন্ত ইজারা পেয়েছি। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিএ থেকে নদীর চর কিশোরগঞ্জ ঘাট ইজারা পেয়ে একজন নদীর দুই পাড় থেকে টাকা তোলার কথা বলছে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, ট্রলার চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে, বিষয়টি সমাধানের লক্ষ্যে দুপক্ষকে নিয়ে বসছি, সমাধান হয়ে যাবে।
