বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমার কাছে মনে হচ্ছে কোনো কোনো মহল কিংবা কোনো কোনো দল শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চায় নির্বাচন না হোক।
স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
