কৃষকের জন্য বরাদ্দ বিনামূল্যের প্রণোদনার সার ও ধানের বীজ সরকারি গুদামে থাকার কথা থাকলেও তা পাওয়া গেছে স্থানীয় তিন ব্যবসায়ীর গুদামে। এমন ঘটনা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌরবাজার এলাকায়।
গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর অভিযানের পর গুদাম তিনটি সিলগালা করে দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ওই তিনটি গুদাম সিলগালা করে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত গুদামের মালিকরা হলেন, অশোক কুমার (৫৯), মিলন মিয়া (৪৯) ও মমিন মিয়া (৫২)। তারা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
জানা গেছে, গোপন সংবাদে গাইবান্ধা অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলা পৌরবাজার এলাকায় অভিযান করে। এ সময় তিনটি গুদামে ২৭ হাজার ৯৫০ কেজি সার ও ৬ হাজার ৯৭৭ কেজি ধানের বীজ পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, লাইসেনস সার বিক্রি করা অপরাধ। সরকারি মূল্যে সারগুলো বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম জানান, ডিলার ছাড়া ওই তিন ব্যবসায়ীর কাছে সার কীভাবে গেল, তা কৃষি কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছে।
