চুরির ঘটনা ধামাচাপা দিতে নির্যাতনের অপপ্রচার

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৫:১৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিনের গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে একটি সাইকেলসহ বাড়ির বিভিন্ন মালামাল খোয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার আমীর হোসেনের ছেলে শিহাবকে (১১) জড়িত হিসেবে শনাক্ত করা হয়। পরে শিহাব চুরির ঘটনা স্বীকার করে বাড়ির পাশের বনে লুকিয়ে রাখা সাইকেল ফিরিয়ে দেয়। এ ঘটনায় স্বজনদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা না নিয়ে তাকে পরিবারের হেফাজতে দেওয়া হয়। এরপর থেকে চুরির এ ঘটনাকে ধামাচাপা দিয়ে ভিন্ন খাতে নিতে অনলাইনের বিভিন্ন মাধ্যমে শিশুটিকে নির্যাতনের অপপ্রচার চালানো হচ্ছে।

জানা যায়, জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিনের গ্রামের বাড়ি কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকায়। গত ২৬ জুন ওই বাইসাইকেলসহ অন্যন্য মালামাল চুরির ঘটনা ঘটে। পরে অনেক খোঁজাখুঁজির পর নাজিম উদ্দিনের ভাই নাসির উদ্দিন (৪৮) জানতে পারেন একই এলাকার আমীর হোসেনের ছেলে শিহাব এ ঘটনায় জড়িত। পরে শিহাবকে জিজ্ঞাসাবাদে সে সাইকেল চুরির কথা স্বীকার করে।

নাসির উদ্দিন বলেন, শিহাব আমার ভাই নাজিমের বাড়িতে ঢুকে ঘরের তালা ভেঙে ভেতরে গিয়ে সাইকেল নিয়ে চলে যায়। সে সাইকেলটি জঙ্গলে নিয়ে লুকিয়ে রাখে। তাকে সন্দেহ হলে জিজ্ঞাসা করলে সে বন থেকে সাইকেল বের করে দেয়। পরে সে শিয়ালের গর্ত থেকে চাবিও বের করে দেয়। পরে মামলা না দিয়ে পরিবারের সদস্যদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা অভিযোগ তুলে এলাকায় অপপ্রচার চালাচ্ছে।

এ দিকে এই অপপ্রচারের ঘটনাটির প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াকৈর থানার এসআই আব্দুল আজিজ বলেন, বিষয়টি ওই এলাকায় গিয়ে সরেজমিনে তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত