বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। এরই মধ্যে এর কাঠামো চূড়ান্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন একটি এপিডেমিক (মহামারী) পর্যায়ে রয়েছে। আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি ৪০ বছর ধরে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটি সামাল দিতে পারেনি।’
নারী ও শিশু নির্যাতন বন্ধ না করতে পারার কারণ হিসেবে তিনি বলেন, ‘এর একটি বড় কারণ হলো রাজনীতি, একটা বড় কারণ হলো মাদক। আর একটি বড় কারণ হলো, আমাদের তরুণ, বাচ্চা ছেলেমেয়েদের ঠিকমতো মানুষ করতে না পারা। তা ছাড়া, এখন এসেছে এই মোবাইল ও পর্নোগ্রাফি। কিছুদিন আগে আমার কাছে একটা অভিযোগ এসেছে, অভিযোগ শুনে আমি হাত-পা ছেড়ে দিয়ে ভাবছি আমি এটি নিয়ে কী করব! ১০ বছরের একটি বাচ্চা আড়াই বছরের একটি মেয়েকে... এটাকে আমি কী করে ধর্ষণ বলি?’
