চট্টগ্রামের রাউজানে একদল কিশোরের সংঘর্ষ থামাতে গিয়ে স্থানীয় যুবদলের এক নেতা মারা গেছেন। তার নাম মুহাম্মদ আলমগীর (৪৫)। তিনি উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার উরকিরচর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, আলমগীর গ্রামে একটি মুরগির দোকান চালাতেন। বৃহস্পতিবার রাতে তার দোকানের সামনে ধূমপানকে কেন্দ্র করে ১৪/১৫ বছর বয়সী কিশোরদের দুটি গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। প্রায় ১৫ জন কিশোরের সংঘর্ষ থামাতে তিনি এগিয়ে গেলে তার বুকে একটি ঘুষি লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম নগরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা ঘুষির আঘাতে তার মাটিতে পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আগে স্থানীয় নির্বাচনের দাবি চক্রান্তের অংশ: শাহাদাত সেলিম