যশোর হাসপাতালে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:০৬ এএম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। আটক আবদুর রহমান রকিব যশোরের শংকপুর ইসহক সড়কের মুজিবুর রহমানের ছেলে।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত জানান, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে ওই যুবককে আটক করে পুলিশ।

তিনি জানান, কিছুদিন ধরে হাসপাতালের বহির্বিভাগে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সহায়তার নামে টাকা নিয়ে পালিয়ে যেতেন এক যুবক। সম্প্রতি সানজিদা আক্তার নামের এক নারীর কাছ থেকে ৫০০ টাকা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন নিয়ে পালিয়ে যান তিনি। ওই নারী এ সময় হাসপাতালের পুলিশ কেন্দ্রে গিয়ে অভিযোগ করেন এবং প্রতারকের চেহারার বর্ণনা দেন।

সোমবার হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য প্রতারককে আটক করলে তিনি নিজেকে প্রথমে যশোর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দেন। অভিযোগকারী ওই নারী হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন।

তত্ত্বাবধায়ক বলেন, আটক রকিবকে যশোর কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত