এ মাসে ডেঙ্গু রোগী ৩ হাজার ছাড়াল

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৪৫ এএম

দেশে এ মাসে ডেঙ্গু রোগী ৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে বিভিন্ন হাসপাতালে ৪০৬ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের গত ৯ দিনে রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৯৮ জনে। অর্থাৎ গত ৯ দিনে গড়ে ৩৬৬ জন করে রোগী ভর্তি হয়েছে। গত মাসে দৈনিক গড় রোগী ছিল ১৯৮ জন। সে হিসেবে এ মাসে এখনো দৈনিক গড় রোগী গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজন মারা গেছে। মারা যাওয়া রোগী ২৬ বছর বয়সী তরুণ। কুমিল্লার দাউদকান্দি থেকে আসা এই রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেল ৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বুধবার ডেঙ্গুর এই তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ২৪ শতাংশ বা ৯৮ জনই বরিশাল বিভাগের। বাকি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, ঢাকা বিভাগে ৬৯, ময়মনসিংহ বিভাগে চার, চট্টগ্রাম বিভাগে ৭৮, খুলনা বিভাগে ৩৫, রাজশাহী বিভাগে ৩১, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছে।

দিনের মোট রোগীর ৩৩ শতাংশ বা ১২২ জন ভর্তি হয়েছে দুই জেলায়। এর মধ্যে ঢাকার রাজধানীতে ২২ শতাংশ বা ৮৯ জন ও বরগুনায় ১১ শতাংশ বা ৪৩ জন।

এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে এ মাসেই ভর্তি হয়েছে ৩ হাজার ২৯৮ জন, যা মোট রোগীর ২৪ শতাংশ। বাকি রোগীদের মধ্যে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে ১০ জন মারা গেল। বছরে মোট মৃত্যু দাঁড়াল ৫২ জন। বাকিদের মধ্যে জুনে ১৯, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জন মারা গেছে।

বর্তমানে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৩১৭ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭৪ ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৪৩ জন।

অধিদপ্তর জানায়, দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত