ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৮ রোগী। এ সময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের তথ্য প্রকাশ পায়। এ সময়ে বিভাগটিতে সর্বোচ্চ ৬০ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন। ঢাকার বাইরে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরও ১১৩ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে গত বুধবার (৯ জুলাই) পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২১ জন মারা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। এ সময়ে বরিশাল বিভাগে ১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ৪ জন করে ৮, রাজশাহী বিভাগে ২ এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ১ জন করে ২ জন ডেঙ্গুতে মারা গেছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ এবং মারা গেছে ৫৭৫ জন।
এর আগে ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
