রিজওয়ানা বললেন

‘মব জাস্টিস’ সরকার কোনোভাবেই বরদাশত করে না

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৬ এএম

বর্তমান সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার ‘মব জাস্টিস’ কোনোভাবেই বরদাশত করে না। যেখানেই মব জাস্টিস হচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

গতকাল শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একদিনে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। এ ছাড়া পরিবেশ দূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ-প্রকৃতিকে গুরুত্বপূর্ণ স্থানে না রাখব ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’

বায়ুদূষণ রোধে চীনের উদাহরন তুলে ধরেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা কাজ শুরু করছি, আশা করি দ্রুত সময়ে সবার সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।’

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত